নোয়াখালী জেলা কারাগারে বসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে এক শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) কারাগারের একটি নির্দিষ্ট কক্ষে তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে টঙ্গীর গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরে তার আবেদন বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। পরে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে আনা হয়।
জানা যায়, ওই শিক্ষার্থী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্র। তার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রও একই এলাকায়। কেন্দ্রের সচিবের তত্ত্বাবধানে কারাগারের ভেতরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষা শেষে উত্তরপত্র যথাযথ নিয়মে কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কারাগারের তত্ত্বাবধায়ক আ. বারেক বলেন, পরীক্ষার তিন দিন আগে সংশোধনাগার থেকে তাকে নোয়াখালীতে আনা হয় এবং একজন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন জাহাঙ্গীর জানান, জেলায় এসএসসি, দাখিল ও কারিগরি মিলিয়ে ৭৫টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং কারিগরিতে ১ হাজার ৭২৩ জন রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version