জাতীয় সংসদ নির্বাচনে তাদের হক কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা যেখানেই যাচ্ছি লোকেরা বলছেন– আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।’

গতকাল শুক্রবার সিলেট নগরের মিরবক্সটুলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিলেট জেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জামায়াত আমির বলেন, নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এই নির্বাচনের মধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে পরিষ্কার। আমাদের অনেক প্রার্থীকে ১০-১২ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে হারানো হয়েছে, এটা ইচ্ছাকৃত। দু-এক জায়গায় ঘোষণা দিয়েও তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু স্পর্শকাতর জায়গায় ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে।
পরে নগরীর একটি কনভেনশন হলে মহনগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন হয়েছে, আমরা ফল মেনে নিয়েছি। খুশিতে হোক আর অখুশিতে হোক, আমরা ফল মানি না– এমন কালচারে যাইনি। আমরা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করে যাব।

সংসদীয় রাজনীতিতে এবারই তাদের সবচেয়ে বড় সাফল্য এসেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যদিও জামায়াতে ইসলামীর জীবনে আমাদের এই অর্জন সংসদীয় রাজনীতিতে এই মাপে এই প্রথম। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন বলবেন যে, আমাদের ক্ষতি হয়ে গেল? না, নির্বাচনে আমাদের অনেক লাভ হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা অর্থবহ ঐক্য হয়েছে, আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন এবং আমরা ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। স্থানীয় সরকার নির্বাচনকে দ্বিতীয় লড়াই মন্তব্য করে শফিকুর রহমান বলেন, এখন আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটা জায়গাও যেন এবার খালি না থাকে। সেই জায়গাগুলোতে এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সমাজের সেসব জায়গা থেকে ভালো লোকগুলোকে বের করে এনে তাদের হাতে আমরা সেই জায়গাগুলো তুলে দিতে চাই।

Share.
Leave A Reply

Exit mobile version