বাবর আজমের নামটা যে কাটা পড়বে, সেটি টি২০ বিশ্বকাপের মধ্যেই স্পষ্ট হয়েছিল। সায়েম আইয়ুব আর মোহাম্মদ নেওয়াজদের পারফরম্যান্সে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের অসন্তুষ্টি ছিল, সেটিও বোঝা গিয়েছিল। পাকিস্তান মিডিয়ার ইঙ্গিত ছিল, দলকে ঢেলে সাজিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে। তাই বলে ছয়জন নবাগত! এমনই হয়েছে, গতকাল বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যেখানে ছয়টি পরিবর্তন, যার মধ্যে আবার চারজনই নতুন মুখ।

শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ৯ মার্চ ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। প্রায় ১১ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে আসছে পাকিস্তান। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা পাকিস্তানের এই নতুন দলটিকে ঘরের মাঠে হারানোর দারুণ সুযোগ এখন মেহেদী হাসান মিরাজদের সামনে। কেননা এই মুহূর্তে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১০ আর রেটিং পয়েন্ট ৭৬। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের র‍্যাঙ্কিং ৯ আর রেটিং পয়েন্ট ৭৭। পাকিস্তানের সঙ্গে মিরাজরা সিরিজ জিতলে নিশ্চিতভাবেই র‍্যাঙ্কিংয়ে ক্যারিবীয়দের টপকে যাওয়া যাবে। আর এতদিনে তো সবাই এটা জেনেই গেছে যে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ৮ বা ৯-এ থাকতে হবে।ওয়ানডেতে আগের সিরিজে সেঞ্চুরি থাকলেও এই সিরিজে বাদ পড়ার মধ্য দিয়েই বোধ হয় সাদা বলে বাবর আজমের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল। সেই সঙ্গে দলের অভিজ্ঞ মুখ ইফতেখার আহমেদেরও ক্যারিয়ার সমাপ্তি হয়ে গেল। এমনিতে ইনজুরির কারণে স্কোয়াডে থাকতে পারেননি ফখর জামান, তবে দলে আছেন অভিজ্ঞ উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। আসলে টি২০ বিশ্বকাপের পর পাকিস্তান দলে চলছে অস্থিরতা।

টিম ম্যানেজমেন্ট চাইছে, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ সিরিজ থেকেই নতুন পাকিস্তান দল তৈরি করা। সে হিসাবেই পাকিস্তান শাহিনস, যা কিনা তাদের ‘এ’ দল, সেখান থেকে পাঁচ ক্রিকেটার নেওয়া হয়েছে। সম্প্রতি যারা দুবাইয়ে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে খেলেছেন। নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন আবদুল সামাদ, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হোসেন।

Share.
Leave A Reply

Exit mobile version