বিরোধী দলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী আবারও তাদের ডেপুটি স্পিকারের পদটি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “পদটি এখনো বিরোধীদের জন্য উন্মুক্ত রয়েছে, তারা চাইলে যেকোনো সময় এটি গ্রহণ করতে পারেন।” বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের বৃহত্তর স্বার্থে এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে গণতন্ত্রের অগ্রযাত্রায় সরকারি ও বিরোধী দলের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “একটি সমৃদ্ধশালী দেশ গঠনে বিরোধী দল ও সরকারি দলের গন্তব্য এক ও অভিন্ন। সংসদে গঠনমূলক বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্র এগিয়ে যায়। যেসব বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত রয়েছে, দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে আমরা সেসবের সমাধান খুঁজে নেব।”

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন যে, কোনো একটি দল ব্যর্থ হওয়া মানে সমগ্র বাংলাদেশ ব্যর্থ হওয়া। তিনি বলেন, “আমরা কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না। আলোচনার মাধ্যমেই আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। চলুন আমরা সিদ্ধান্ত নেই, আমাদের সংসদীয় আলোচনার মূল লক্ষ্য হবে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা।” এ সময় তিনি বিরোধী দলীয় নেতাসহ সকল সংসদ সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Share.
Leave A Reply

Exit mobile version