চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বাড়িতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। এতে ওই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। অন্তত তিনজন আহতের খবর জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। আহতরা সম্পর্কে বরের বাবা, ভাই ও জেঠা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার বাসিন্দা মহনের নেতৃত্বে কয়েকজন কিশোর এসে প্রথমে এক লাখ টাক দাবি করে। তর্কে এক পর্যায়ে ৩০ হাজার টাকা দাবি করে। সর্বশেষ তাদের তিন হাজার টাকা দিতে রাজি হয় বরপক্ষ। এই নিয়ে কথা কাটাকাটির জেরে বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল, আমরা ক্যারাম খেলছিলাম। তখন ওই কিশোররা এসে তখন হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে যায়।


